পাঁচবিবিতে সৌদি সরকারের উপহারের মাংস বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৫ নভেম্বর/জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের আয়োজনে সৌদি সরকারের রাজকীয় দরবার থেকে পাঠানো কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬৫’টি এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম ও পরিচালকের মধ্যে সৌদি সরকারের উপহারের মাংস গুলো বিতরণ করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ মাংসগুলো এসব এতিমখানা মাদ্রাসার মাঝে সুষম বন্টন করে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, অফিস সহকারী মোঃ জুয়েল রানা ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আজাদ আলী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, সৌদি সরকার গরীব অসহায় ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিমিত্তে কোরবানির পশুর মাংসগুলো পাঠিয়েছে। এ উপজেলার ৬৫’টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬’টি মাংসের প্যাকেট বিতরণ করা হলো।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































